
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ বাঁচানোর নির্বাচন। জামায়াত সরকার গঠন করলে শাসক নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করবে।
সোমবার সকালে আখাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল শেষে রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “সাড়ে চার কোটি তরুণ ভোটার এবার প্রথমবার ভোট দিচ্ছেন। গত ১৭ বছর যারা ভোট দিতে পারেননি, তারা এবার অংশ নেবেন। এই নির্বাচন হবে উন্নয়ন, পরিবর্তন ও মানবিক রাষ্ট্র গঠনের নির্বাচন।”
তিনি অভিযোগ করেন, “বিগত ৫৪ বছরে যারা শাসন করেছেন তারা খাদেম নয়, শাসক ছিলেন। ফলে দুর্নীতি এবং প্রশাসনিক অগোছালো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা পরিবর্তন আনব।”
জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। আগে পৌর শহরের কলেজ মাঠ থেকে একটি বিশাল গণমিছিল রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।