
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
দীর্ঘ আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটেও অংশ নিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত হওয়ায় এবার ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১,৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ, যার মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটার প্রথমবার বা নতুন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করছেন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২১ হাজারের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটসহ সব ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা আসনভিত্তিক ফল ঘোষণা করবেন এবং চূড়ান্ত ফল শুক্রবার বিকেল নাগাদ প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।