
এস এম সোলায়মান গনি
উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারের নেতৃত্বে আয়োজিত এ মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত উদ্ধার তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।