
মুহাম্মদ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
উলিপুর (কুড়িগ্রাম), ২২ ফেব্রুয়ারি ২০২৬:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উলিপুর বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার মূল কারণ হিসেবে ধরা হয়েছে:
ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি,
মূল্য তালিকা প্রদর্শন না করা,
ভেজাল পণ্য সংরক্ষণ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্ব দিয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইন চার্জ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থানীয় সাংবাদিকরা।
অভিযানের সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরাতে হবে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান রমজান মাস জুড়েও অব্যাহত থাকবে।