
মোঃ সোলায়মান গনি উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুন্সিবাড়ী জমিদার বাড়ি এলাকায় অবস্থিত দুটি প্রাচীন মন্দিরে চুরি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির এবং গৌড় নিতাই মন্দিরে প্রবেশ করে চোররা মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়েছে। বুধবার সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের পুরোহিত ও এলাকাবাসী দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে লক্ষ্মী নারায়ণ জিও মন্দিরের একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল রয়েছে। গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি গোপালের মূর্তি (প্রায় ৫০০ গ্রাম) এবং এক কেজি ওজনের গৌড়-নিতাই মূর্তিও চুরি হয়েছে।
মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার জানিয়েছেন, পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত গুরুত্বসহকারে চলছে।
স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত ও চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন। মন্দির দুটি শুধু ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক মূল্যও বহন করে।