
মুনসুর হেলাল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি আদর্শ কৈখালী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই উন্নয়ন সম্ভব।
কৈখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুহাজেরীন প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমীর রাশিদুল ইসলাম।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, সাবেক আমীর অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন এবং সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম তাঁর সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, কৈখালী ও ভেটখালী জনপদের অবকাঠামোগত উন্নয়নে সে সময় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে কৈখালী–ভেটখালী নদীর ওপর নির্মিত সেতুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই সেতু এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে।
তিনি আরও বলেন, অতীতে কৈখালীর রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো ছিল জনগণের বাস্তব চাহিদার প্রতিফলন। ভবিষ্যতে জনগণ আবারও তাঁকে সংসদে পাঠানোর সুযোগ দিলে কৈখালীকে নিজের ইউনিয়নের মতো গুরুত্ব দিয়ে সর্বোচ্চ পর্যায়ে উন্নয়ন করা হবে। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল কৈখালী গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।