উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (আজ) প্রথম অভিযান পরিচালনা করা হয় তেজগাঁওয়ের মনিপুরি পাড়া এলাকায়। পরবর্তীতে দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তরা সেক্টর–৯, রোড–৭/সি, বাসা নং–৩০ এ।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (অপারেশন) হান্নানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মিরাজ, উপ-পরিদর্শক (এসআই) জয়দেব, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল।
অভিযান চলাকালে ডিলারের ছাত্রাবাস থেকে ২৬টি ব্যাগে রাখা মোট ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। প্রথম অভিযানে উদ্ধার হওয়া কঙ্কালসহ মোট উদ্ধার হওয়া কঙ্কালের সংখ্যা দাঁড়ায় ৪৭টি।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), সাপ্পোরা ডেন্টাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র।
২. মো. আবুল কালাম (৩৯)।
৩. আসাদুল মন্সি ওরফে জসিম ওরফে এরশাদ (৩২)।
৪. মো. ফয়সাল আহমেদ (২৬), সাপ্পোরা ডেন্টাল কলেজের ফাইনাল ইয়ার শেষ করা ছাত্র এবং এই চক্রের মূল ডিলার বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২ ও ৩ নম্বর আসামি বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে মানব কঙ্কাল সংগ্রহ করতেন। পরে এসব কঙ্কাল চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে কালোবাজারে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো।
উদ্ধার হওয়া কঙ্কালের মধ্যে প্রায় ১ বছর থেকে ৭ মাস বয়সী কঙ্কালও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে কিছু মেডিকেল ইন্টার্নি শিক্ষার্থী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
