
মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল |
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বরিশালের উজিরপুরে শুরু হচ্ছে বর্ণাঢ্য তিন দিনব্যাপী বৈশাখী মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় বি.এন. খাঁন ডিগ্রি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে এ আয়োজন। মেলাকে ঘিরে উজিরপুরসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মেলায় থাকছে বাঁশ-বেতের সামগ্রী, মাটির তৈজসপত্র ও নানা ধরনের হস্তশিল্পের সমাহার। পাশাপাশি মুড়ি-মুড়কি, চিঁড়া, দইসহ বিভিন্ন দেশীয় খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করবে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ঘুরে বেড়ানোর জন্য পুরো মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে রঙিন আয়োজনে।
মেলার প্রস্তুতি সম্পর্কে ইউএনও আলী সুজা বলেন, “বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা এই মেলার আয়োজন করেছি। এটি শুধু একটি মেলা নয়, উজিরপুরবাসীর জন্য একটি মিলনমেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া তিন দিনের এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে।
রঙিন সাজে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। বৈশাখের আনন্দঘন মুহূর্তে অংশ নিতে উজিরপুরের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছে উপজেলা প্রশাসন।