উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া
স্টাফ রিপোর্টার, বরিশাল
উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম পাড় থেকে শিবপুর পর্যন্ত একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘ প্রায় একশ বছরেও পাকাকরণ করা হয়নি। কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জনপদের হাজারো মানুষ স্বাধীনতার এত বছর পরও উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সাতলা থেকে শিবপুর পর্যন্ত সড়কটি এখনও কাঁচা। সামান্য বৃষ্টিতেই বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে সাতলা নদীর পশ্চিম তীরের কয়েক হাজার মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্থানীয়দের ভাষায়, বর্ষায় এই সড়কটি “মরণফাঁদে” পরিণত হয়। অন্যদিকে গ্রীষ্মকালে ধুলোবালি, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এলাকাটি কৃষি, মৎস্য ও ডেইরি খামারের জন্য পরিচিত হলেও যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না কৃষকরা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। জরুরি রোগী পরিবহনেও দেখা দেয় চরম সংকট—অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় অনেক সময় রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হয়। একইভাবে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সড়কটি কার্পেটিং করা হলে এটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এতে বরিশাল জেলাসহ গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা এমনকি ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভব হবে।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ—চারপাশে উন্নয়ন হলেও সাতলার পশ্চিম পাড় অবহেলিতই রয়ে গেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে Local Government Engineering Department (এলজিইডি), উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সড়কটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব ও গ্রামীণ অর্থনীতি সচল করতে সরকার দ্রুত এই সড়ক সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেবে।