
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) থেকে আগামী ২৩ মার্চের যাত্রার ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
ঈদযাত্রার এই বিশেষ টিকিট বিক্রির সিদ্ধান্ত সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় নেওয়া হয়। রেলওয়ের সময়সূচি অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ পাওয়া যাবে ২৫ মার্চের টিকিট এবং ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট। একইভাবে ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট।
বিশেষ ঘোষণা অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট রিফান্ড করা হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ঈদযাত্রাকে কেন্দ্র করে এই বিশেষ টিকিট বিক্রি ব্যবস্থা যাত্রীদের যাতায়াত কতটা সহজ করবে, তা সময়ই বলে দেবে। তবে টিকিট প্রাপ্তি ও যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে এখনো এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছে।