
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার
ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় অবস্থিত এশিয়ার বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার গাউছিয়া মার্কেট এখন উৎসবমুখর বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দিন-রাত ক্রেতা-বিক্রেতার কোলাহল, হাকডাক এবং ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো মার্কেট এলাকা। মার্কেটের অলিগলিতে ক্রেতাদের ভিড় এতটা, অনেক জায়গায় পা ফেলতেও কষ্ট হচ্ছে।
ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন এই বিশাল বাণিজ্যকেন্দ্রে বিরামহীন কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় গত বছরের তুলনায় এবারের ঈদে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন তারা।
বাজারে বিশেষ করে যাকাতের কাপড়, লুঙ্গি, থ্রি-পিস, শাড়ি ও বিভিন্ন ঈদ প্যাকেজের পাইকারি অর্ডার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন ডিজাইন এবং বাহারি রঙের পোশাক ক্রেতাদের আকৃষ্ট করছে। ফ্যাশন প্রবণতায় এবার জায়গা করে নিয়েছে প্যাস্টেল রঙ, হালকা এমব্রয়ডারি এবং সাদামাটা নকশার পোশাক। গরমের মৌসুমকে বিবেচনা করে সুতি ও খাদি কাপড়ের চাহিদাও উল্লেখযোগ্য।
গাউছিয়া মার্কেটের কুরেঘর ফ্যাশনের মালিক হৃদয় মিয়া জানান, তাদের দোকানে দেশি-বিদেশি বিভিন্ন মানসম্মত পোশাকের সমৃদ্ধ কালেকশন রয়েছে। তিনি আরও বলেন, “গত বছরের তুলনায় এবার সুতি ও খাদি কাপড়ের বিক্রি বেশি হচ্ছে। পোশাকের দাম মান ও ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখা হয়েছে।”
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটার ব্যস্ততা বাড়ছে। পরিবার-পরিজন নিয়ে অনেক ক্রেতা মার্কেটে এসে ঈদের কেনাকাটা করছেন। নতুন পোশাকের ঘ্রাণ, রঙের বাহার আর উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো মার্কেট এলাকা। সব মিলিয়ে ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়া মার্কেট এখন সরগরম বাণিজ্যের কেন্দ্রবিন্দু।