
স্টাফ রিপোর্টার, উথোয়াই খৈ রাখাইন, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন হালিমা আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত হালিমার পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানাধীন দক্ষিণ পাড়ায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ১৪ মার্চ, শনিবার ইফতারের আগ মুহূর্তে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাগের মাথায় জহিরুল ইসলাম তার স্ত্রীকে মাথায় দুইটি ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুসন্তানকে কোলে নিয়ে সরাসরি থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠায়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।