
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মোঃ রেজাউল করিম
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষ নিরাপদ আশ্রয় পাবেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
এ সময় এলাকাবাসী মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধুনিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের প্রয়োজন ছিল। মন্ত্রী অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।