
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি পিকআপ গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার লামা পাড়া এলাকার আব্দুল হক প্রকাশ মাইনুল (৩৪) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার শান্তিপুরের রজনীলাইন এলাকার মোজাম্মেল হোসেন সোহেল (২৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।