
মো: হৃদয় চৌধুরী, বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে জনমত গঠনের লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষ “নারায়ে তাকবির”, “আল্লাহু আকবার”, “শাপলা কলি” এবং “আলীকদমবাসির মার্কা” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে।
মিছিল ও পথসভায় প্রধান বক্তা ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের জোট প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দীন, যিনি বলেন, “পাহাড়ি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবার বিপ্লব হবে। আমি আপনাদের নেতা নই, আমি সেবক। সকল সরকারি-বেসরকারি সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। জাতীয় পরিচয়পত্র দিয়েই সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে।”
অন্যান্য বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ, যেমন: মাশুক ইলাহি, সাদেক মিয়া, আব্দুল হক, মংসাংপ্রু চৌধুরী, ডা. চৌধুরী ইউনুস আহমেদ সোহান, লুক চাকমা ও আলী হায়দার রাব্বি।