
মো: হৃদয় চৌধুরী
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রামাদান উপলক্ষে একটি বর্ণাঢ্য স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যালীটি আলীকদম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মেসার্স নাছির স্টোরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
র্যালীতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মাসুক এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অফিস সম্পাদক জনাব মো. আবু সুফিয়ান।
সমাবেশে বক্তব্য রাখেন আলীকদম বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের এবং উপজেলা শিবির সভাপতি জনাব মো. জসিম উদ্দিন।
বক্তারা বলেন, রামাদান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে রামাদানের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় রমজান মাসে দিনের বেলায় হোটেল, চা দোকান ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়।
র্যালী ও সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হৃদয় চৌধুরীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।