
মো. রবিউল ইসলাম | স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘিতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে ফেরার পথে আলাউদ্দিন নামে এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে আলাউদ্দিন ধানের শীষের সমর্থক রুবেল ও সেতুসহ অজ্ঞাত আরও তিনজনকে অভিযুক্ত করেন। তবে অভিযুক্ত রুবেল অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে কাজ করছিলেন আলাউদ্দিন। তিনি উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং রেলওয়ের অবসরপ্রাপ্ত ওয়ার্কসপ মিস্ত্রি।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে নসরতপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোচনায় অংশ নেওয়ার সময় স্ত্রীর ফোন পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির গেটের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার চিৎকারে স্ত্রী এগিয়ে এলে রুবেল ও সেতু নামে দুইজনকে শনাক্ত করতে পারেন বলে দাবি করেন আলাউদ্দিন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে জানতে চাইলে ধানের শীষের সমর্থক রুবেল হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আলাউদ্দিন আসলে আওয়ামী লীগের সমর্থক। আমাদের হেনস্তা করতে এবং গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বাধা দিতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, “এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”