
মোঃ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি। সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম পাবলিক পরীক্ষা।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করা হলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না।
পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/রচনামূলক পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে উভয় অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে যুক্ত হবে।
৬. উত্তরপত্রের ওএমআর ফরমে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
৯. প্রবেশপত্র বিতরণে কোনো সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
১০. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ।
১২. সব অংশে একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।