
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন–এর এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ বহুমাত্রিক কূটনীতি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সৌজন্য সাক্ষাতে আগত রাষ্ট্রদূতদের কাছে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি অনেক বেশি আশাবাদী যে, আগামী দিনগুলোতে আমরা বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।”
তিনি আরও বলেন, উল্লিখিত দেশ ও সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আইন ও বিচারসহ বিভিন্ন খাতে পূর্ববর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন মাইকেল মিলার।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের নেতৃত্বে আটটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।
সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেন। আলোচনা শেষে গণমাধ্যমে বক্তব্য না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আইন, বিচারসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তিনি আরও জানান, ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই চুক্তিটি সই হতে পারে।