
জয়পুরহাট সংবাদদাতা: শ্রী মোহন চন্দ্র
জয়পুরহাটের আক্কেলপুরে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ৬৫ বছর বয়সী জোসনা আরা নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা চিকিৎসকের অনুপস্থিতিতে মৃত্যু বরণ করেছেন। নিহত জোসনা আরা নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং মিঠাপুর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে তখন কোন চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে সহকারী মেডিক্যাল অফিসারের মাধ্যমে চিকিৎসা শুরু হলেও প্রায় ২০ মিনিট বিলম্বের কারণে জোসনা আরার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুমাইয়া তৃষা দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ রোগীকে মৃত অবস্থায় দেখেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা জানিয়েছেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেছেন, "রোগীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্বজনরা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" সিভিল সার্জন ডা. আল মামুন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।