
স্টাফ রিপোর্টার
মোঃ মাসুম বিল্লাহ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া (৪৫)-এর বিরুদ্ধে ভরণ-পোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ তুলেছেন তার মা সাজেদা বেগম (৬৪)।
রবিবার সকালে দৈনিক আমার সকাল–কে দেওয়া সাক্ষাৎকারে সাজেদা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে মজনু বিয়ে করার পর থেকে তার খোঁজখবর নেয় না। ভরণ-পোষণ চাইলে উল্টো অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেয়।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আদম আলী জানান, বহুবার মজনুকে মায়ের দায়িত্ব নিতে বললেও সে তা করেনি বরং উল্টো মায়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সাজেদা বেগমের দেবর সম্পর্কের বাবুল মিয়া দাবি করেন, ভরণ-পোষণ না দেওয়ার বিষয় আড়াল করতে মজনু তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলার আশ্রয় নেয়।
স্থানীয় কয়েকজনও অভিযোগ করেছেন, মজনু আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও আর্থিক ক্ষতি করেছেন। তাদের দাবি, মজনুর কারণে অনেকেই কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন।
বর্তমানে সাজেদা বেগম মেয়ের বাড়িতে নির্মিত একটি ছোট ঘরে আশ্রয় নিয়ে কোনোরকমে দিন কাটাচ্ছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. মজনু মিয়া বলেন, “৫ আগস্টের ঘটনার পর আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাজানো অভিযোগ আনা হচ্ছে। আমার মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”