২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ বৃহস্পতিবার, সরাসরি খেলবে বাংলাদেশ
- আপলোডের সময় : Tuesday, September 29, 2026,

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ বৃহস্পতিবার, সরাসরি খেলবে বাংলাদেশ
কেপটাউনে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। টুর্নামেন্ট শুরুর এক বছর আগে দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। একই সঙ্গে সেদিন থেকেই শুরু হবে বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধন প্রক্রিয়া।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ১০টি দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে এবং বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে আসবে।
স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। অন্য আটটি দল আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পেয়েছে। এই তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। ফলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশও সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।
স্বাগতিক দেশ হলেও নামিবিয়ার বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা নিশ্চিত নয়। তাদেরও বাছাইপর্বের মাধ্যমে জায়গা করে নিতে হবে।
বিশ্বকাপের বাকি চারটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজও মূল পর্বে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বের পথেই রয়েছে।
বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট বা লটারি প্রক্রিয়ার নিবন্ধনও শুরু হবে। অর্থাৎ, ১ অক্টোবর সরাসরি টিকিট বিক্রি শুরু না হলেও সমর্থকেরা টিকিট পাওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ১৪ দলের এই বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি ধাপে খেলা হবে। প্রথম ধাপে র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা তিনটি দলকে নিয়ে হবে ‘সুপার সিরিজ’। রাউন্ড-রবিন পদ্ধতিতে এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ দল পরবর্তী ধাপে যাবে।
দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দলগুলোর পাশাপাশি নির্ধারিত সেরা দলগুলো নিয়ে গঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব।
সুপার সেভেনে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার প্রথম ও চতুর্থ দল এবং দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় দল। দুই সেমিফাইনালের জয়ী দল ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ২০০৩ সালের পর প্রথমবার। টুর্নামেন্টটি অক্টোবর-নভেম্বর সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।