১০ হাজার হাফেজের অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা শুরু
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

১০ হাজার হাফেজের অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা শুরু
স্টাফ রিপোর্টার
আমার সকাল ২৪
ঢাকা
দেশের বিভিন্ন প্রান্তের হাফেজে কোরআনদের নিয়ে হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় প্রায় ১০ হাজার হাফেজে কোরআন অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণদের কোরআন হিফজে উৎসাহিত করা এবং কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। প্রতিযোগীদের বয়স ও মেধার ভিত্তিতে কয়েকটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫, ১০ ও ৩০ পারা হিফজের পাশাপাশি তিলাওয়াত ও তাজবিদ বিভাগ রয়েছে।
প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি হুমায়ুন সাঈদ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। এ কারণে ঢাকাকে আটটি জোনে ভাগ করা হয়েছে।
তিনি বলেন, হিফযুল কোরআন ফাউন্ডেশনকে একটি মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চান তারা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও কোরআন প্রতিযোগিতার আয়োজন করে কোরআনের খেদমত করার ইচ্ছা রয়েছে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও বিকেএমইএর পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন। তিনি বলেন, পাঁচ বছর আগে কয়েকজন ব্যবসায়ী বন্ধুর উদ্যোগে কোরআন প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল। ফাউন্ডেশনের চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রম এবং ওলামায়ে কেরামের নিবেদিত টিমের প্রচেষ্টায় এ আয়োজন আজ বড় পরিসরে পৌঁছেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালীউল্লাহ। তিনি বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ কোরআনের আলোতে আলোকিত হবে—এমন স্বপ্ন তারা দেখেন।
এ সময় হেজাজ সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ কামরুজ্জামান বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম শুধু কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তারা। দেশের আলেম, হাফেজসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোরও লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতি কাফায়েতুল্লাহ আযহারী। তিনি হিফযুল কোরআন ফাউন্ডেশনের কার্যক্রমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট, নগদ অর্থ ও পরবর্তী পর্বের জন্য ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়। পরে প্রধান আলোচকের মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।