হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীতীর পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীতীর পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
বুড়িগঙ্গা নদীর তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে নদীতীর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) তাঁর নেতৃত্বে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুড়িগঙ্গা নদীর ইসলামবাগ ও কামরাঙ্গীরচর-সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।
হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়। গত ২ সেপ্টেম্বর রিট পিটিশন নং ৩৬৭৬/২০১০-এর পরিপ্রেক্ষিতে দেওয়া আদেশে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে নদীতীরে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে কর্মকর্তারা নদীতীরের সার্বিক পরিবেশ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের অবস্থান এবং বর্জ্য জমার কারণ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে নদী ও নদীতীরে বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুই তীরে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গড়ে ওঠা এবং প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে নদীর তীর ভরাট ও দখলের ঘটনা ঘটেছে। এ ছাড়া কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকার গৃহস্থালি বর্জ্যে নদীর পানি দূষিত হচ্ছে। বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন নদীতীরের এলাকাও দখল হয়ে গেছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে এসব এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। নদীতীর থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সেখানে বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীতীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্জ্য নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে কমপ্লায়েন্স প্রতিবেদন প্রস্তুত ও দাখিলের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, লালবাগের সহকারী কমিশনার (ভূমি), ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।