হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
- আপলোডের সময় : Wednesday, October 14, 2026,

হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
আমার সকাল ২৪ ডেস্ক
রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ কারাগার থেকে সুলতান মনসুরকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদনের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে কলাবাগান এলাকায় প্রচার-প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে আসামিরা জোরপূর্বক তুলে নিয়ে একটি ট্যানারি গোডাউনে আটকে রাখেন। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে হত্যাচেষ্টার পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। আবিরও গুলিবিদ্ধ হন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় আবির বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন। সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আইনগতভাবে বিবেচিত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।