
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন, আর মরক্কোকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স।
দুই দলের এই লড়াইকে ইতোমধ্যেই ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেক ফুটবল বিশ্লেষক। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের গতিময় আক্রমণ এবং লামিনে ইয়ামালদের ছন্দময় স্পেন—দুই ইউরোপীয় জায়ান্টের দ্বৈরথ ঘিরে তুঙ্গে উত্তেজনা।
বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিত হবে স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ। যুক্তরাষ্ট্রের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবসেই অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। ম্যাচের ৩০তম মিনিটে ফাভিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে দিলেও ৪০তম মিনিটে চার্লস ডি কেটেলারার গোলে সমতায় ফেরে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৮তম মিনিটে দুর্দান্ত গোল করেন মিকেল মেরিনো। তার শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় স্পেন।
অন্যদিকে, মরক্কোর বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফ্রান্স। ২-০ গোলের জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।
বিশ্বকাপের মঞ্চে স্পেন ও ফ্রান্সের লড়াই নতুন নয়। টানা তৃতীয় বড় টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। সেই ম্যাচে লামিনে ইয়ামাল ও দানি ওলমোর গোলে জয় পেয়েছিল স্প্যানিশরা।
এছাড়া উয়েফা নেশনস লিগে দুই দলের সর্বশেষ সাক্ষাতে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ও পেয়েছিল স্পেন।
২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে। ফলে সেমিফাইনালের এই মহারণে ফাইনালের টিকিটের পাশাপাশি ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইও দেখবে ফুটবল বিশ্ব।