সুবর্ণচরে বাস খাদে পড়ে আহত ১০, হেলপার চালাচ্ছিলেন বলে অভিযোগ
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

সুবর্ণচরে বাস খাদে পড়ে আহত ১০, হেলপার চালাচ্ছিলেন বলে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি চালক না চালিয়ে হেলপার চালাচ্ছিলেন বলে এক যাত্রী অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাঁধন’ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে যাচ্ছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি বেশি ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাসটির এক যাত্রী অভিযোগ করে বলেন, সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি অনেক বেশি ছিল। এ সময় চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।