
আরিফ হাসান গজনবী
রামপাল, বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন-এ দুর্ধর্ষ ডাকাত ‘জোনাব বাহিনী’র হাত থেকে জিম্মি থাকা এক জেলেকে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনার কয়রা থানা এলাকার সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন স্থানে জোনাব বাহিনী অবস্থান করছে এবং সেখানে এক জেলেকে জিম্মি করে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এ সময় কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবন এলাকায় দস্যু দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সংক্রান্ত বিষয়ে ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস ‘অপরাজেয় বাংলা’।