সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজন, আহত অনেকে
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজন, আহত অনেকে
নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
আন্তর্জাতিক
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশ দুর্ঘটনার খবর পায়। সুস ও জেরনেজ পৌরসভার মধ্যবর্তী এলাকায় পর্যটকবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি জরুরি সেবাদানকারী দল পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। দুর্ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, বাসটি নেদারল্যান্ডসের একটি পর্যটন সংস্থার। ডাচ ভ্রমণশিল্পের সহযোগী সংগঠন এএনভিআরের এক মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই নেদারল্যান্ডসের নাগরিক।
জানা গেছে, পর্যটকদের দলটি সোমবার যাত্রা শুরু করেছিল। তবে তারা কোথা থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তাদের গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার বিষয়ে স্বজন ও সংশ্লিষ্ট কনস্যুলেটগুলোকে তথ্য দিতে সুইস কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছে। দুর্ঘটনার কারণ ও হতাহতের প্রকৃত সংখ্যা জানতে তদন্ত চলছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।