
মাফিরুল ইসলাম
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ বুরুঙ্গী জামে মসজিদের উন্নয়ন তহবিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সিনিয়র আহ্বায়ক রাতুল রায়হানের উপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মসজিদের উন্নয়ন তহবিলের আমানতের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি পক্ষ মসজিদের খতিব ও ক্যাশিয়ারের উপর চাপ প্রয়োগ করে আসছিল। অভিযোগে বলা হয়, নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সোরহাব হোসেন নামের এক ব্যক্তি চাঁদাবাজি, লুটপাট, মারধর ও হত্যার হুমকিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
অভিযোগ অনুযায়ী, দক্ষিণ বুরুঙ্গী এলাকার মসজিদের তহবিলের অর্থ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ জানায়। তবে পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের তহবিল সংক্রান্ত বিষয়ে যুব সমাজ প্রতিবাদ জানালে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে নামাজ শেষে মসজিদের বারান্দায় রাতুল রায়হানের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার পর স্থানীয় মুসল্লিরা আহত রাতুল রায়হানকে উদ্ধার করে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন