সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামীম
- আপলোডের সময় : Friday, September 25, 2026,

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামীম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম বলেছেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না এবং তাদের সামাজিকভাবে গ্রহণ করা হবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হামীম লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না।’ একই পোস্টে তিনি ছাত্রলীগকে বাংলাদেশের শত্রু হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, ‘ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।’ তবে পোস্টে তিনি কোন আনাসকে বোঝাচ্ছেন, তা উল্লেখ করেননি।
হামীম বলেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের প্রতি সমর্থন থাকবে কেবল ‘বিকৃত মনস্তাত্ত্বিকতার’ অধিকারীদের। একই সঙ্গে কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন হয়রানির শিকার না হন, সে কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করেন হামীম। তিনি তাদের ‘দেশপ্রেমিকতার পরিচয়’ দেওয়ার আহ্বান জানিয়ে জুলাইয়ের আন্দোলনের সঙ্গে ‘বেইমানি’ না করার কথা বলেন।
এ ছাড়া অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে হামীম লেখেন, ‘অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।’
উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে শেখ তানভীর বারী হামীম ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।