সান্তোসে কৌতিনিয়ো, নেইমারের অনুপস্থিতিতে নতুন ভরসা
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

সান্তোসে কৌতিনিয়ো, নেইমারের অনুপস্থিতিতে নতুন ভরসা
নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ক্রীড়া
ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করছে ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। অবনমনের ঝুঁকিতে থাকা দলটি এবার নিজেদের শক্তি বাড়াতে লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা ফিলিপে কৌতিনিয়োকে দলে ভিড়িয়েছে।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দিয়েছেন। ঐতিহাসিক ভিলা বেলমিরো স্টেডিয়ামে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া কৌতিনিয়োর সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত নেইমারের চোটের পরই কৌতিনিয়োকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস। ক্লাবটির হয়ে ফিরতি অধ্যায়ে থাকা নেইমার সম্প্রতি ডান পায়ের উরুর পেশিতে গ্রেড-২ চোট পেয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতিতে আক্রমণভাগ ও মাঝমাঠে সৃষ্ট ঘাটতি পূরণে কৌতিনিয়োর ওপর ভরসা করছে ক্লাব কর্তৃপক্ষ।
ভাস্কো দা গামার হয়ে ব্রাজিলিয়ান লিগে কৌতিনিয়োর সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য খুব একটা উজ্জ্বল নয়। তিন ম্যাচে করেছেন মাত্র একটি গোল। তবে সান্তোসের বিশ্বাস, দীর্ঘ ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারের অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
কৌতিনিয়োর সান্তোসে যোগ দেওয়ায় নেইমারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বও নতুন করে আলোচনায় এসেছে। মাত্র ১৫ বছর বয়স থেকেই ব্রাজিলের যুব জাতীয় দলে একসঙ্গে পথচলা শুরু হয়েছিল দুই তারকার।
এদিকে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের অবস্থান বেশ নাজুক। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকায় অবনমনের শঙ্কায় রয়েছে দলটি। ফলে লিগে টিকে থাকার লড়াইয়ে এখন প্রতিটি পয়েন্টই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
নেইমারের অনুপস্থিতিতে সান্তোসের আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, কৌতিনিয়োর আগমন তা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। তবে তার মতো অভিজ্ঞ তারকার অন্তর্ভুক্তি দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।