
মুনসুর হেলাল (স্টাফ রিপোর্টার)
সাতক্ষীরা ট্রমা সেন্টারে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগে ১৩ বছর বয়সী তাহসিন নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা প্রদানে বিলম্বের কারণে প্রাণ হারাতে হয়েছে তাহসিনকে।
পরিবারের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় তাহসিনকে হাসপাতালে নেওয়া হলে সময়মতো চিকিৎসক ও নার্সের সেবা পাওয়া যায়নি। এছাড়া প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং উন্নত চিকিৎসা সুবিধারও অভাব ছিল। আইসিইউ সুবিধা না থাকায় তার অবস্থার আরও অবনতি ঘটে বলে দাবি করেছেন স্বজনরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, একটি কিশোরের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিকিৎসা ব্যবস্থার অবহেলা থাকলে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, তাহসিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।