সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পর্যটকরা
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পর্যটকরা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাতায়াতের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
অবরোধের ডাক দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। কর্মসূচির সমর্থনে সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়।
অবরোধকারীদের দাবি, জেএসএসের নামধারী একটি সন্ত্রাসী গ্রুপ সাজেকের আশপাশে অবস্থান করছে। তাদের সেখান থেকে সরানোর ব্যবস্থা না করা হলে অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
বর্তমানে সাজেকে পর্যটনের ভরা মৌসুম চলছে। প্রতিদিন মাহিন্দ্রা ও জিপে করে দুই থেকে আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা হন। তবে অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর এগোতে পারেননি।
পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় দুপুর ২টার দিকে পর্যটকদের সাজেকে নিয়ে যাওয়ার এবং সেখানে অবস্থানরত পর্যটকদের বেলা আড়াইটার দিকে নিরাপত্তা পাহারায় ফিরিয়ে আনার কথা রয়েছে।
সাজেক লুইরুই হ্যালিডে রিসোর্টের ব্যবস্থাপক রাসু ত্রিপুরা বলেন, তাঁদের রিসোর্টের পর্যটকেরা বেলা আড়াইটার দিকে নিরাপত্তা পাহারায় সাজেক ছাড়বেন। কটেজ রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজেকে আসতে ইচ্ছুক পর্যটকদের নিয়ে গাড়ি দুপুর ২টায় বাঘাইহাট থেকে ছেড়ে আসবে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সাজেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পর্যটকবাহী গাড়িগুলো বেলা ২টায় নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি রওনা দেবে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।