
মোঃ মনির হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তিন যুগ পর চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাদীউজ্জামান শেখ হাদী বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলা-এর পোতাজিয়া ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আমির হোসেনের ছেলে হিমু ও কাশীনাথপুর গ্রামের দেলবার খন্দকারের ছেলে আরমানের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসে।
পরবর্তীতে ওই বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে আরমানকে আত্মীয়ের বাড়িতে রেখে অপহরণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দেলবার খন্দকার।
এ মামলায় আমির হোসেন মণ্ডল, তাঁর দুই ছেলে হিমু মণ্ডল ও বাবু মণ্ডল এবং ভাই ইমাম মণ্ডলকে আদালত ১০ বছর করে কারাদণ্ড দেন বলে জানা যায়।
কারাভোগ শেষে ভুক্তভোগীরা আরমানকে খুঁজতে শুরু করেন। প্রায় ১৯ বছর পর ২০০৯ সালে পাবনার চাটমোহরে তার সন্ধান পাওয়া যায় এবং পরে র্যাবকে বিষয়টি জানানো হয়। র্যাব ঘটনাস্থলে গিয়ে আরমানকে উদ্ধার করে।
পরবর্তীতে বাবু মণ্ডল বাদী হয়ে মিথ্যা অপহরণ মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ বছর পর আদালত মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চারজনকে দণ্ড দেন।
আদালত সূত্রে আরও জানা যায়, মামলার অনেক আসামি ও বাদী ইতোমধ্যে মারা গেছেন।