
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় আধুনিক ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জিআইএস (ভৌগোলিক তথ্য ব্যবস্থা) ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন করা গেলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই হবে।
সভায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, উপজেলা প্রকৌশলী, তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনসেবা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।