সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী
কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে। স্বাধীন ও শক্তিশালী সাংবাদিকতা ছাড়া দেশে গণতন্ত্র, নাগরিক অধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়।
শনিবার (২৯ আগস্ট) কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
অনুষ্ঠানে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাফর বক্তব্য দেন।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকরা অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি স্বাধীনভাবে কাজ করতে পারলেও নানা কারণে সাংবাদিকতার পরিবেশ এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে অনেক সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার ঘাটতিও সাংবাদিকতার জন্য বড় সমস্যা। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো চাপও থাকা উচিত নয়, যা সাংবাদিকদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত করে।
দায়িত্বশীল সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তার পাশাপাশি ন্যায্য বেতন, কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার দাবি জানান তিনি। অধিকাংশ গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয় না উল্লেখ করে তিনি বলেন, এ বৈষম্য বন্ধ করতে হবে। এ সময় তিনি ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবি জানান।
বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকতা নিছক চাকরি নয়; গণতন্ত্র, মানুষের অধিকার, সব ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর অধিকার রক্ষা এবং বৈষম্য দূরীকরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও অব্যবস্থাপনা তুলে ধরে সাংবাদিকরা বৃহত্তর জনস্বার্থে কাজ করেন।
তিনি আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে তার প্রভাব শুধু ওই সাংবাদিকের ওপর পড়ে না; এতে অন্য সাংবাদিকদের মধ্যেও ভয় তৈরি হয়। ফলে সমাজে সত্য প্রকাশের ক্ষেত্রে নীরবতার সংস্কৃতি তৈরি হতে পারে।
কাদের গনি চৌধুরী বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করতে হবে। হামলা, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা যায় না।
তিনি বলেন, সাংবাদিকের কলম মানুষের কথা বলে, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু সাংবাদিকদের স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের জানার অধিকার রক্ষারও অংশ।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।