সাঁথিয়ায় সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সরকারি মূল্যে ৪০০ বস্তা সার বিক্রি
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

সাঁথিয়ায় সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সরকারি মূল্যে ৪০০ বস্তা সার বিক্রি
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে দুটি সারের গোডাউনে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুত করা প্রায় ৪০০ বস্তা ডিএপি সার প্রকৃত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারি বাজারের পেট্রোল পাম্পসংলগ্ন দুটি সারের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন সাঁথিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, একটি বিএডিসি অনুমোদিত ডিলারের গোডাউনে রেজিস্ট্রার না থাকা এবং যথাযথভাবে গোডাউন সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। অপর গোডাউনের কোনো লাইসেন্স না থাকায় এবং সেখানে অবৈধভাবে প্রায় ৪০০ বস্তা ডিএপি সার মজুতের প্রমাণ মেলে। এসব ঘটনায় দুটি মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বিএডিসির সার ডিলার আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা এবং অপর ডিলার নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন। দুটি মামলায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অবৈধভাবে মজুত করা প্রায় ৪০০ বস্তা সার কৃষি অফিসের মাধ্যমে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে প্রকৃত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, জনস্বার্থে সার মজুত ও বিক্রির ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।