
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। যদি ভোট সুষ্ঠু হয়, তাহলে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো বলে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “জনগণের রায় যেটাই হোক, আমরা তা মেনে নেব। জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠুভাবে ভোট দিতে পারা।”
এদিকে, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোর থেকেই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা গেছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।