সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জমে উঠেছে স্পেন ও বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে বেলজিয়ামের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় লা রোজারা।
পেদ্রির পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাওয়া রুইজ কোচের আস্থার প্রতিদান দেন দুর্দান্তভাবে। ৩০তম মিনিটে দানি ওলমোর দূরপাল্লার শট থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে দ্রুত শট নেন রুইজ। বলটি বেলজিয়ামের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
গোল হজমের পর পাল্টা আক্রমণে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারে শক্তিশালী হেডে বল জালে পাঠিয়ে সমতা ফেরান। পাউ কুবারসিকে ফাঁকি দিয়ে নেওয়া তার হেডে কোনো সুযোগই পাননি স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
চলতি বিশ্বকাপে এটি স্পেনের বিপক্ষে প্রথম গোল। এর আগে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় নিজেদের জাল অক্ষত রেখেছিল স্প্যানিশরা।
প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় স্পেন ও বেলজিয়াম।
এর আগে ৩৬তম মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল স্পেন। তবে লামিনে ইয়ামালের শক্তিশালী শট সহজেই নিয়ন্ত্রণে নেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
পরিসংখ্যানে প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। তারা ৬৪ শতাংশ সময় বলের দখল ধরে রাখে, যেখানে বেলজিয়ামের দখল ছিল ৩৬ শতাংশ। স্পেন নেয় তিনটি শট, আর বেলজিয়াম একটি শট নিয়েই সমতায় ফিরতে সক্ষম হয়।