সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-কে বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-কে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা।
উল্লেখ্য, শপথগ্রহণের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জরুরি বৈঠকে বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয় দলটি।
এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হলো।













