শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে: আতিকুর রহমান
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে: আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার: মোঃ নাইম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে; শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে।” মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ সে অনুযায়ী অনেক ক্ষেত্রে তাদের বেতন ও মজুরি বাড়েনি। একই সঙ্গে বিভিন্ন মিল-কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিক ছাঁটাইয়ের কারণে অনেকে কর্মহীন হয়ে পড়ছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে প্রাণ না হারান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে আতিকুর রহমান বলেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন বলে তাদের সংগঠনের দাবি। বিভিন্ন সময় দেশের সংকটে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পোশাকশিল্পের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক রয়েছেন। তাদের অনেকেই কাঙ্ক্ষিত জীবনমান থেকে বঞ্চিত। শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
ইসলামী শ্রমনীতির কথা তুলে ধরে আতিকুর রহমান বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাঁর মতে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।