
শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার
তালতলী প্রতিনিধি: এইচ বি সুমন আলী
বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. আসাদুল (১৬)-এর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ পাশে প্লাস্টিক সংগ্রহ করতে যাওয়া এক জেলে মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে জানান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের কাছেও পৌঁছে যায়।
সংবাদ পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুও উপস্থিত ছিলেন।
পরে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসাদুল। এরপর থেকে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে টানা উদ্ধার অভিযান চালানো হয়। তিন দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।