
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে এই গ্রেপ্তারি নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী।
লালু গজারিয়ার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ২৩টি মামলা রয়েছে। তিনি শ্যুটার মান্নান, হৃদয় বাঘ ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
অপর গ্রেপ্তারকৃতরা হলেন জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং ভাই জসিম (৪৫)। তারা বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রাজধানীর হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।