শিক্ষার মান উন্নয়ন ও ৮ দফা দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের স্মারকলিপি
- আপলোডের সময় : Thursday, October 15, 2026,

শিক্ষার মান উন্নয়ন ও ৮ দফা দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের স্মারকলিপি
মো. সাব্বির আহমেদ, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আট দফা দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা।
বুধবার (১৪ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি নাইম আহমেদ হিমেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজীর নেতৃত্বে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনটির সিনিয়র সহসভাপতি জুবায়ের তালুকদারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—ক্যাম্পাসকে মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা; শ্রেণিকক্ষে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন; শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করতে পূর্ণাঙ্গ ক্যান্টিন চালু; বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ বন্ধ এবং ছাত্রীদের নিরাপত্তায় ইভটিজিংমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
এ ছাড়া কলেজের খেলার মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা, শ্রেণিকক্ষের অকেজো লাইট-ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত বা পরিবর্তন, বার্ষিক শিক্ষা সফর ও আনন্দভ্রমণের আয়োজন এবং প্রতি মাসে অন্তত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোরম ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পাঠগ্রহণে উৎসাহিত করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদলের নেতারা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত নলছিটি সরকারি ডিগ্রি কলেজকে একটি আলোকিত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করতে চান। শিক্ষার্থীদের এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।