
মোঃ মনির হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা-এ কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও সাবরিনা শারমিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শাহজাদপুর সাংবাদিক ফোরাম-এর নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।
এছাড়া বক্তব্য দেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে পৌর শহরের যানজট নিরসন, করতোয়া নদীর দূষণ রোধ, শাহজাদপুর কাপড়ের হাটের অবকাঠামোগত উন্নয়ন, গো-খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং মাদক ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নবাগত ইউএনও সাবরিনা শারমিন তাঁর বক্তব্যে বলেন, “শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার সমস্যাগুলো সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। আশা করছি, টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারব।”