
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘আমেরিকা সপ্তাহ’-এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে মার্কিন ইতিহাসবিষয়ক বইয়ের একটি বিশেষ সংগ্রহ উপহার দেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত।
প্রধান অতিথির বক্তব্যে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শাবিপ্রবিতে এটি তাঁর প্রথম সফর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস শুধু একটি দেশের প্রতিষ্ঠার কাহিনি নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতার সংগ্রাম এবং গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে।
রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম দেশটির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া বইগুলো শিক্ষার্থীদের ইতিহাসচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম মার্কিন রাষ্ট্রদূত ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রদর্শনী ও বইয়ের সংগ্রহ শুধু একটি ঐতিহাসিক উপহার নয়, বরং জ্ঞান, সংলাপ ও অনুপ্রেরণার এক মূল্যবান সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব, উদ্ভাবন এবং বৈশ্বিক নাগরিকত্ব সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শাবিপ্রবির বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (ইউএস অ্যালামনাই) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে স্থাপিত ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’-এ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গ, দেশটির প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত এবং স্বাধীনতার ইতিহাসভিত্তিক বিভিন্ন আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।