
স্টাফ রিপোর্টার | দৈনিক আমার সকাল ২৪
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বর-এর ঘটনার বিচার দাবি ও নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রায়পুর তাহফিজুল কুরআন মাদ্রাসার মিলনায়তনে আলোর দিশারী ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে জেলার বিভিন্ন মাদ্রাসায় নিহতদের উদ্দেশ্যে কুরআন খতম করা হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক হাফেজ ওজায়ের হোসাইনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও সংগঠনের নেতারা।
বক্তারা ওই ঘটনার নিহতদের স্মরণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।
এছাড়া, সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলাগুলো পর্যালোচনার দাবি জানানো হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘটনাটি সম্পর্কে তথ্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আব্দুল আহাদ
রায়পুর উপজেলা প্রতিনিধি