লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শুভ দাসের মরদেহ দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রায় তিন মাস ২৫ দিন পর রোববার মরদেহটি দেশে পৌঁছায়।
তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় প্রায় আড়াই বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। বিদেশে যাওয়ার খরচ জোগাতে পরিবারের দুই শতক বসতভিটা বিক্রি করতে হয়েছিল। পরিবারের আশা ছিল, বিদেশে কাজ করে শুভ সংসারের অভাব দূর করবেন। তবে সেই আশা আর পূরণ হয়নি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে নিহত শুভ দাসের পরিবারের হাতে এরই মধ্যে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে জীবনবিমার আওতায় পরিবারের জন্য আরও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।
শুভ দাসের মৃত্যুতে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার তিনজনের মৃত্যু হলো। এর আগে আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম একই ধরনের হামলায় নিহত হন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।