‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’, আদালতে পলকের ক্ষোভ
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’, আদালতে পলকের ক্ষোভ
আদালত প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের অন্য আদালতে শুনানি থাকায় তাদের এ আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এদিন পলকসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাকে পেছনে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে আদালতের ষষ্ঠ তলায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পলক। মানবিক দিক বিবেচনায় হাতকড়া সামনে পরানোর ব্যবস্থা করার অনুরোধও জানান তিনি।
পলক আদালতে বলেন, লিফট চালু থাকার পরও তাকে পেছনে হাতকড়া দিয়ে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। এ সময় বিচারক তাকে জানান, হাতকড়া নিরাপত্তার জন্যই দেওয়া হয়েছে। পলক জবাবে হাতকড়া সামনে রাখার অনুরোধ করেন।
শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও তাকে সিঁড়ি দিয়ে নামানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় তার মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতা ও অন্য ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার পরবর্তী অভিযোগ গঠন শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।